হোম » সারাদেশ » জমি-জমা বিরোধের জেরে হামলা, মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

জমি-জমা বিরোধের জেরে হামলা, মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক ব্যক্তির ওপর হামলা, মারধর এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগের জন্ম দিয়েছে।

‎অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নিমগাছী ইউনিয়নের ফরিদপুর গ্রামের বাসিন্দা মহিদুল ইসলাম (৩৫), পিতা মো. জহুরুল মন্ডল, গত ৮ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টার দিকে পিড়াপাট বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে হামলার শিকার হন। তিনি অভিযোগ করেন, জমি-জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জের ধরে একই গ্রামের শিহাব মিয়া (২৫), তার পিতা আব্দুল কাফি (৫০), চাঁন মিয়া (৪৮) এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জন পূর্বপরিকল্পিতভাবে তার পথরোধ করে।

‎ভুক্তভোগীর ভাষ্যমতে, অভিযুক্তরা প্রথমে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং প্রাণনাশসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে। একপর্যায়ে তারা তার শার্টের কলার ধরে এলোপাতাড়িভাবে কিল-ঘুষি ও লাথি মারতে শুরু করে। পরে তাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয়। হামলার এক পর্যায়ে তার শার্টের পকেটে থাকা ১২ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎অভিযোগে আরও বলা হয়, হামলাকারীদের একজন এসএস পাইপ দিয়ে আঘাত করলে মহিদুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের সৃষ্টি হয়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ও স্থানীয় কয়েকজন নারী ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলে আসছিল। তবে সাম্প্রতিক এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর দাবি, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা প্রয়োজন।

‎পরে স্থানীয়রা আহত মহিদুল ইসলামকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসা গ্রহণের পর তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করলে তারা তাকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে তিনি ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

‎ভুক্তভোগী মহিদুল ইসলাম বলেন, “অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী হওয়ায় আমি ও আমার পরিবার দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনার পর থেকে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”

‎এদিকে ঘটনাটি নিয়ে স্থানীয় মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সচেতন মহল মনে করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।

‎এ বিষয়ে ধুনট থানার এএসআই মো. সেলিম শেখ বলেন, “ভুক্তভোগীর লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

‎ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের প্রত্যাশায় স্থানীয় বাসিন্দারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!