হোম » সারাদেশ » দশ মাসের আত্মগোপনের অবসান: র‌্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি

দশ মাসের আত্মগোপনের অবসান: র‌্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি

রবিউল হাসান লায়ন, জামালপুর

জামালপুরের ইসলামপুরে বন্ধুর ডাকে ঘর থেকে বের হওয়ার পর নির্মম হত্যার শিকার হন মমিনুল ওরফে মনিরুল। পরে তার মরদেহ উদ্ধার করা হয় দশানী নদী থেকে। আলোচিত সেই হত্যা মামলার এক আসামি দীর্ঘ ১০ মাস আত্মগোপনে থাকার পর অবশেষে র‌্যাবের জালে ধরা পড়েছে।
গ্রেপ্তারকৃত আসামি মো. আব্দুল জব্বার আলী ওরফে নহিন্দর (৪০)। তিনি ইসলামপুর উপজেলার আগুনের চর গ্রামের মৃত নন্দা শেখের ছেলে।
বুধবার রাতে জামালপুর ইসলামপুর সদর উপজেলার ব্রিজপাড় শভুকুড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল। র‌্যাব সূত্র জানায়, ২০২৫ সালের ২ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে মমিনুল ওরফে মনিরুলকে তার কয়েকজন পরিচিত বন্ধু পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে ইসলামপুর উপজেলার বোলাকীপাড়া এলাকায় একটি নৌকায় তাকে নির্মমভাবে হত্যা করে মরদেহ দশানী নদীতে ফেলে দেওয়া হয়।

এ ঘটনায় নিহতের মা মোছা. জহুরা আক্তার ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দায়ের হওয়া মামলাটির নম্বর-৯। মামলায় পেনাল কোডের ৩০২/২০১/৩৪ ধারায় অভিযোগ আনা হয়।
মামলা দায়েরের পর থেকেই জড়িত আসামিরা গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যায়। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে র‌্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল গত ৩ জুন ২০২৬ রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে জামালপুরের ইসলামপুর সদর উপজেলার ব্রিজপাড় শভুকুড়া এলাকা থেকে আব্দুল জব্বার আলী ওরফে নহিন্দর (৪০)কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ইসলামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

জামালপুরের র‌্যাব-১৪ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!