
রবিউল হাসান লায়ন, জামালপুর
ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে জামালপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। সোমবার সকাল ১০টায় শহরের সকাল বাজার এলাকায় ইসলামী ব্যাংক ভবনের নিচে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংকের গ্রাহক অ্যাডভোকেট নজরুল ইসলামের পরিচালনায় আয়োজিত কর্মসূচিতে ব্যাংকের গ্রাহক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন ইসলামী ব্যাংকের গ্রাহক সিরাজুল ইসলাম ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী হাসান আল মাহিন, রফিকুল ইসলাম, মাওলানা মান্নান আনসারী, অধ্যাপক হারুনুর রশিদ, অধ্যাপিকা শাহিনা আক্তার এবং ইসমাইল জামিউল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের ৩ কোটি গ্রাহকের ১ লাখ ৮৩ হাজার কোটি টাকার আমানত কোনো মাফিয়া চক্রের হাতে তুলে দেওয়া যায় না।
ব্যাংক ডাকাতদের কাছে ব্যাংক ফিরিয়ে দেওয়া চলবে না। তারা অভিযোগ করেন, বিগত স্বৈরাচারী সরকার অস্ত্রের জোরে ও প্রশাসনকে ব্যবহার করে ব্যাংকের মালিকানা নিয়েছিল এবং ২৪ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।
সেই চক্রকে আবার ব্যাংকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, যা গ্রাহকরা কোনোভাবেই মেনে নেবেন না। বক্তারা অবিলম্বে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খোরশেদ আলমকে অপসারণ করে নতুন চেয়ারম্যান নিয়োগের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত গ্রাহকরা “ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক—আমার ব্যাংক, আমার ব্যাংক”, “হটাও মাফিয়া, বাঁচাও ব্যাংক” এবং “ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক” স্লোগান দেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২