
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
বাংলাদেশের সর্বোচ্চ আদালত তথা বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী হিসেবে সুপারিশপ্রাপ্ত (তালিকাভুক্ত) হয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কৃতি সন্তান রাফিজুল ইসলাম।
বুধবার (২০ মে) বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রকাশিত ফলাফলে তিনি সুপ্রীম কোর্টের আইনজীবী হিসেবে আইনি পেশা পরিচালনার জন্য এ যোগ্যতা অর্জন করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, অ্যাডভোকেট রাফিজুল ইসলাম আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় থেকে অত্যন্ত সফলতার সাথে মাধ্যমিক (এসএসসি) এবং আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) সম্পন্ন করেন। এরপর তিনি দেশের স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে আইন বিভাগে স্নাতক (এলএলবি সম্মান) ও স্নাতকোত্তর (এলএলএম) ডিগ্রি লাভ করেন। শিক্ষা জীবন শেষ করে ২০২৩ সালে তিনি ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবী হিসেবে তাঁর পেশাগত কর্মজীবন শুরু করেছিলেন।
রাফিজুল ইসলাম আলফাডাঙ্গা পৌর এলাকার মিঠাপুর গ্রামের মোহাম্মদ আলী ও রাশিদা খাতুন দম্পতির বড় সন্তান। একমাত্র সন্তানের এই অনন্য সাফল্যে উচ্ছ্বসিত তাঁর পরিবার।
অ্যাডভোকেট রাফিজুল ইসলামের পিতা-মাতা জানান, তাঁদের দীর্ঘদিনের ইচ্ছে ছিল সন্তান যেন দেশের সর্বোচ্চ আইন অঙ্গনে একজন প্রথিতযশা আইনজীবী হিসেবে নিজের নাম লেখাতে পারে। একই সাথে তিনি যেন সবসময় অসহায় ও বিচারপ্রার্থী মানুষের পাশে থেকে ন্যায়বিচার প্রাপ্তিতে নিঃস্বার্থভাবে ভূমিকা রাখতে পারেন।
সুপ্রীম কোর্টের আইনজীবী হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় অ্যাডভোকেট রাফিজুল ইসলামকে আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসী আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এক প্রতিক্রিয়ায় রাফিজুল ইসলাম মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং তাঁর এই সফলতার পেছনে বাবা-মা ও শিক্ষকদের অবদানের কথা স্মরণ করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২