হোম » সারাদেশ » ধুনট কুঠিবাড়ি ও গুচ্ছ গ্রামে জমজমাট মাদকের আড্ডা, আতঙ্কে স্থানীয়রা

ধুনট কুঠিবাড়ি ও গুচ্ছ গ্রামে জমজমাট মাদকের আড্ডা, আতঙ্কে স্থানীয়রা

 এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:
‎বগুড়ার ধুনট উপজেলার সদর ইউনিয়নের সরকারি ডিগ্রি কলেজের পেছনের কুঠিবাড়ি ও মালোপাড়া গুচ্ছ গ্রাম এলাকায় দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে মাদক ব্যবসা ও মাদকসেবীদের দৌরাত্ম্য। সন্ধ্যা নামলেই ওই এলাকাজুড়ে বসছে মাদক কেনাবেচা, সেবন ও নানা অসামাজিক কর্মকাণ্ডের আসর। দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
‎স্থানীয় সূত্রে জানা যায়, মালোপাড়া গুচ্ছ গ্রামের পাশের ভুট্টা ক্ষেত ও নির্জন ফাঁকা স্থানগুলো এখন মাদকসেবী ও মাদক কারবারিদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। সন্ধ্যার পর থেকেই বিভিন্ন এলাকা থেকে যুবকদের আনাগোনা বাড়তে থাকে। গভীর রাত পর্যন্ত চলে মাদক লেনদেন, সেবন এবং বিশৃঙ্খল কর্মকাণ্ড। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
‎এলাকাবাসীর অভিযোগ, কিছু প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় মাদক কারবারিরা বেপরোয়া হয়ে উঠেছে। ফলে সাধারণ মানুষ ভয়ে প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। অনেকেই অভিযোগ করেন, প্রতিদিন সন্ধ্যার পর মাদকসেবীদের উৎপাত এতটাই বেড়ে যায় যে নারী, শিক্ষার্থী ও পথচারীরা ওই সড়ক দিয়ে চলাচল করতে আতঙ্কবোধ করেন।
‎স্থানীয় সচেতন মহল বলছে, মাদকের ভয়াল থাবায় এলাকার তরুণ সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। অনেক পরিবার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। অল্প বয়সী তরুণদের মাদকের সঙ্গে জড়িয়ে পড়া রোধে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ জরুরি বলে মনে করছেন তারা।
‎নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, “কলেজের পেছনের এলাকা হওয়ায় শিক্ষার্থীদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছে। এখনই কঠোর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। তরুণ সমাজকে রক্ষা করতে পরিবার, জনপ্রতিনিধি ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে।”
‎স্থানীয়দের দাবি, দ্রুত মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক এবং এলাকায় নিয়মিত পুলিশি টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হোক। একই সঙ্গে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।
এ বিষয়ে ধুনট থানা-র সেকেন্ড অফিসার (এসআই) মোঃ ওসমান গনি বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করে যাচ্ছি। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম বলেন, “ধুনটকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে প্রশাসনের পাশাপাশি সমাজের সচেতন মহল ও সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন। কেউ মাদক ব্যবসার তথ্য দিলে তার পরিচয় গোপন রাখা হবে।”

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!