হোম » সারাদেশ » কাউখালীতে জেলের ঝুলন্ত লাশ উদ্ধার 

কাউখালীতে জেলের ঝুলন্ত লাশ উদ্ধার 

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলায় পারিবারিক কলহের জেরে এক জেলের আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১১ মে) দুপুরে উপজেলার চিরাপাড়া-পারসাতুরিয়া ইউনিয়নের উত্তর সুবিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হানিফ খান (৪০) ওই গ্রামের হোসেন খানের ছেলে। সে একজন মৎস্যজীবী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের কারণে স্ত্রীর ওপর অভিমান করে হানিফ খান বাড়ির পাশের নদীর তীরে একটি শৈলা গাছের ডালে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে অনুসন্ধান চালান। একপর্যায়ে তার বোন নদীর তীরে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় হানিফকে দেখতে পেয়ে চিৎকার দেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে পুলিশে খবর দেয়।
স্থানীয় ইউপি সদস্য জয়দেব ঘোষ জানান, গাছের ডালে ঝুলন্ত মরদেহ দেখে এলাকাবাসী পুলিশকে অবহিত করে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কাউখালী থানার পরিদর্শক (তদন্ত) ইবাদ আলী মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মঙ্গলবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!