হোম » সারাদেশ » টঙ্গীতে স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দিলো স্বামী

টঙ্গীতে স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দিলো স্বামী

টঙ্গী প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী সাইদুল ইসলামের বিরুদ্ধে। ওই সময় দগ্ধ অবস্থায় গৃহবধূকে চিকিৎসার জন্য প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে টঙ্গীর নতুন বাজারস্থ ব্যাংকমাঠ বস্তিতে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত সাইদুল কালীগঞ্জ এলাকার বাসিন্দা এবং স্থানীয় ব্যাংক মাঠের মাদক ব্যবসায়ী বাচ্চু মিয়ার ছেলে। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসাসহ মোটরসাইকেলে ভুয়া সাংবাদিক পরিচয়ের স্টিকার ব্যবহার করে প্রতি রাতেই ছিনতাই করতো। তারা জানায়, ঘটনার দিন পারিবারিক কলহের একপর্যায়ে ঘরের সামনে তার স্ত্রীর শরীরে প্রায় ৩ লিটার পেট্রোল ঢেলে দেয় সাইদুল। পরে তার হাতে থাকা সিগারেটের আগুন থেকে মুহূর্তেই তার স্ত্রীর আগুন লেগে যায়। এতে ওই নারীর শরীরের এক পাশ মারাত্মকভাবে দগ্ধ হয়। ওই সময় আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হয়। পরে দগ্ধ অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। অপরদিকে এলাকাবাসী ৯৯৯-এ ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ এসে অভিযুক্ত সাইদুলকে আটক করে থানায় নিয়ে আসে।
এলাকাবাসী জানায়, সাইদুলের বাবা মাদক ব্যবসায়ী বাচ্চু মিয়া দীর্ঘদিন ধরে টঙ্গী রেল জংশন এলাকার ফুটপাত দখল করে একাধিক দোকান বসিয়ে ভাড়া আদায় করাসহ প্রকাশ্যে মাদক বিক্রি করছে।
স্থানীয় সূত্র জানায়, বাচ্চু মিয়ার পরিবারের সকল সদস্যের নামে টঙ্গী পূর্ব থানাসহ বিভিন্ন থানায় মাদক ও ছিনতাই সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
এ ব্যাপারে পুলিশের পক্ষ হইতে আনুষ্ঠানিকভাবে কোন বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!