হোম » সারাদেশ » রৌমারীতে খেওয়ারচর হাট-বাজারে নোটিশের পরেও ভাঙ্গেনি অবৈধ দোকানঘর 

রৌমারীতে খেওয়ারচর হাট-বাজারে নোটিশের পরেও ভাঙ্গেনি অবৈধ দোকানঘর 

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে খেওয়ারচর হাট-বাজারে নোটিশের দুই সপ্তাহ অতিবাহিত হলেও ভাঙ্গেনি অবৈধ দোকানঘর। দোকানঘর না ভাঙ্গায় প্রশাসনের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতনমহল। এর আগে অবৈধ স্থাপনা নিয়ে বিভিন্ন জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়  খবর প্রকাশ হলে পরে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে এক দিনের সময় দিয়ে নোটিশ প্রদান করেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রাফিউর রহমান।
প্রসঙ্গত, যাদুরচর ইউনিয়নের খেওয়ারচর হাট-বাজার পেরিফেরি ভুক্ত স্থায়ী দোকানঘর নির্মাণ করা হয়েছিল। সেখানে ২২ টি ঘর উচ্ছেদ করে সরকারি ভাবে একটি হাট সেট নির্মাণ করা হয়। হাটটির ভেতরে ফঁাকা জায়গাগুলোতে নতুন করে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করা হচ্ছে। অবৈধভাবে দোকানঘর নির্মাণে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরবেশ আলীর নেতৃত্বে যাদুরচর ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহজাহান হালু, যুগ্ম সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া ও চেয়ারম্যান সরবেশ আলীর ভগ্নীপতি সাবেক মেম্বার হায়দার আলীর নেতৃত্বে দোকানঘরগুলো নির্মাণ কাজ সম্পন্ন করেন। অথচ ১৫ দিন আগে অবৈধ স্থাপনা ভেঙ্গে নিতে ওই বাজারে একটি নোটিশ টাঙ্গানো হয়েছে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক অনেক ব্যবসায়ী বলেন, হাট-বাজারের ভেতরে স্থানীয় বিএনপির নেতৃত্বে দোকানঘরগুলি নির্মাণ হচ্ছে। এসিল্যান্ড দোকানপাট সরিয়ে নিতে ১ দিনের সময় দিলেও আজও ভাঙ্গা হয়নি দোকানপাট।  স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, হাট-বাজারে সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে, বিএনপির ক্ষমতার দাপটে, তাদের মনগড়াভাবে দোকান নির্মাণ করে দিচ্ছে। এসিল্যান্ড স্যার অবৈধভাবে উত্তোলনকৃত দোকানপাট সরিয়ে নিতে এক দিনের সময় দিয়ে নোটিশ দিলেও ২ সপ্তাহ পার হলেও কোন ব্যবস্থা নেয়নি।
যাদুরচর ইউনিয়ন ভুমি কর্মকর্তা মো. রুহুল্লা বলেন, সরকারি ও স্থানীয় কর্তৃপক্ষের ভুমি ও ইমারাত (দখল পুনরুদ্ধার) অধ্যাদেশ ১৯৭০ এর ৫ (১) ৮ ধারা মোতাবেক অবৈধ দখলীয় ভুমি ও স্থাপনা ছেড়ে দেয়ার জন্য এসিল্যান্ড স্যারসহ গিয়ে ১ দিনের সময় দিয়ে নোটিশ টাঙ্গানো হয়েছে। যদি না ভাঙ্গে তা সরকারি ভাবে ব্যবস্থা নেওয়া হবে।  উপজেলা সহকারি কমিশনার ভুমি রাফিউর রহমান বলেন, অবৈধভাবে নির্মিত দোকানঘর সরিয়ে নিতে ১ দিনের সময় দিয়ে নোটিশ টানানো হয়েছে। যদি ভেঙ্গে না থাকে আবারও গিয়ে দোকানপাট ভেঙ্গে দেওয়া হবে।৷
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!