হোম » সারাদেশ » বগুড়া সদরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

বগুড়া সদরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:
“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া সদরে উপজেলা পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে ৪৭তম বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলা পরিষদের হলরুমে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রী পলাশ চন্দ্র।
মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিনির্ভর বিভিন্ন মডেল এবং বিজ্ঞানভিত্তিক গবেষণামূলক উপস্থাপনা প্রদর্শন করেন। তাদের সৃজনশীলতা ও নতুন চিন্তার বহিঃপ্রকাশ দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
বিচারকমণ্ডলীর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও মূল্যায়ন কমিটির আহ্বায়ক ডা. মো. রায়হান। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত জাহান, উপজেলা প্রকৌশলী মো. মোবারক হোসেন, সহকারী অধ্যাপক (রসায়ন) মো. শাহ আলম, সহকারী অধ্যাপক (পদার্থবিজ্ঞান) মো. মতিউর রহমান, মেডিকেল অফিসার ডা. আসমাউল হুসনা সুরভী, প্রভাষক (গণিত) শাহরিয়ার সাদিক প্রিয়ম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মারজিয়া আখতার বানু, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. আল মাহমুদ সরকার, প্রভাষক (প্রাণিবিদ্যা) আংলাদ হক দেওয়ান এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. জিয়াউর রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সরকারি কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হয়ে উঠতে হবে। প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে গবেষণা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা।
বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
উপজেলা প্রশাসন, বগুড়া সদর এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহের সহযোগিতা ছিল। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানচর্চা ও প্রযুক্তি বিষয়ে আগ্রহ আরও বৃদ্ধি করবে।
প্রতিযোগিতা শেষে দ্বিতীয় দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!