
লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বাড়িভিটার জমি নিয়ে দ্বন্দ্বে আপন চাচার লাঠির আঘাতে আকতারুজ্জামান নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পুর্ব ফকিরপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত আখতারুজ্জামান ফকিরপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রফিকুল ইসলামের পুত্র।
স্থানীয়দের দেওয়া তথ্যমতে, বেশ কয়েক বছর ধরে চাচাদের সাথে আক্তারুজ্জামান নামের ওই যুবক ও তার নানীর বাড়িভিটার জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্বের জেরে গতকাল দুপুরে সংঘবদ্ধভাবে তার চাচা ও চাচাতো ভাইয়েরা আক্তারুজ্জামানের উপর হামলা চালায়।
হামলায় আহত আখতারুজ্জামানকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে প্রায় ১২ ঘন্টা চিকিৎসাধীন থাকার পর শুক্রবার ভোররাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
অভিযুক্তদের আইনগত ব্যবস্থার মাধ্যমে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান খোকন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমজান আলী।
ওসি রমজান আলী বলেন, এ ঘটনায় নিহতের চাচা আব্দুল মতিনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের আটক করতে অভিযান চলছে। জমি নিয়ে দুপক্ষের দ্বন্দ্বে চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এলাকাবাসী।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা