হোম » সারাদেশ » বগুড়ায় র‌্যাবের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ গ্রেফতার ৫, উদ্ধার ট্রাক

বগুড়ায় র‌্যাবের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ গ্রেফতার ৫, উদ্ধার ট্রাক

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ায় র‌্যাব-১২ এর পৃথক ও যৌথ অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কালুপুর পাইকড়তলা গ্রামের বাসিন্দা মোঃ রাসেল ইসলামের “পয়স্বিনী এগ্রো” নামক গরুর খামার থেকে মোঃ জসিম উদ্দিন জুয়েলসহ অজ্ঞাতনামা ৬-৭ জন ৫টি ষাঁড় গরু চুরি করে। পরে খামারের সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ১৬ লাখ টাকা।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা (নং-০৬, তারিখ ০৩/০৩/২০২৬, ধারা ৪৫৭/৩৮০) দায়ের করা হলে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চক্রটি বিভিন্ন জেলা থেকে সংঘবদ্ধ হয়ে রাতে গরু চুরি করে ট্রাকে করে অজ্ঞাত স্থানে নিয়ে বিক্রি করত। এরই ধারাবাহিকতায় বগুড়ার শিবগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে পুনরায় চুরির প্রস্তুতিকালে মোঃ তারাজুল ইসলাম (৩০) ও মোঃ সজল মন্ডল (৩৯)-কে হাতে নাতে আটক করা হয়।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে আরও অভিযানে মোঃ সজিব মিয়া ওরফে টাইগার (৩০) এবং মোঃ শরিফুল (২৬)-কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-১২ (বগুড়া) ও র‌্যাব-৫ (রাজশাহী) এর যৌথ অভিযানে রাজশাহীর তানোর এলাকা থেকে চক্রের মূল হোতা মোঃ জসিম উদ্দিন জুয়েল (৩৩)-কে গ্রেফতার করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক (ঢাকা মেট্রো ন-১৮-৪৪১০) জব্দ করা হয়।
র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে জসিম উদ্দিন জুয়েলকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় এবং অন্য ৪ জনকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!