
মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী উপজেলায় রাস্তার পাশে ফেলে রাখা একটি বড় ট্রাংকের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ এপ্রিল) ভোর সকালে শ্রীবরদী পৌর শহরের তাতীহাটি নয়াপাড়া এলাকার ঢালিবাড়ি মোড় থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি পিকআপ ভ্যান থেকে কয়েকজন ব্যক্তি তালাবদ্ধ একটি ট্রাংক এনে রাস্তার পাশে রেখে চলে যায়। বিষয়টি স্থানীয়দের মধ্যে সন্দেহ ও কৌতূহলের সৃষ্টি করে। পরে ট্রাংক থেকে দুর্গন্ধ বের হতে থাকলে আশপাশের লোকজন জড়ো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাংকের তালা ভেঙে ভেতরে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ দেখতে পায়। লাশটি বিছানার তোশক ও প্লাস্টিকের বস্তা দিয়ে মোড়ানো অবস্থায় রাখা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে ওই নারীকে হত্যা করে লাশটিকে ট্রাংকে ভরে সেখানে ফেলে রাখা হয়।
স্থানীয় বাসিন্দা রিনা বেগম জানান, সকালে একটি পিকআপ থেকে কয়েকজন ব্যক্তি ট্রাংকটি নামিয়ে রেখে যায়। তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলেন পরে এসে ট্রাংকটি নিয়ে যাবো।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো লাশটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক