
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র মো. আলী আকসাদ ঝন্টু বলেছেন, পৌরবাসী ২০২২ সালে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন। সেই আস্থার প্রতি সম্মান রেখে জনসেবায় কাজ শুরু করেছিলাম। কিন্তু দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মাত্র দেড় বছরের মাথায় দায়িত্ব থেকে আমাকে অপসারণ করা হয়েছে। তবে পদ না থাকলেও আমি জনগণের পাশেই আছি এবং আমৃত্যু আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।
সোমবার (২৩ মার্চ) রাতে আলফাডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণে ‘বৃহত্তর মিঠাপুর যুব সমাজ’ আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মূলত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হলেও এটি আগামী পৌরসভা নির্বাচনে আলী আকসাদ ঝন্টুর পুনরায় প্রার্থিতার আগাম প্রচারণা ও গণসংযোগে রূপ নেয়। আসন্ন নির্বাচনে জয়ী হয়ে অসমাপ্ত কাজগুলো শেষ করতে তিনি পুনরায় পৌরবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন তরুণ সমাজসেবক ইব্রাহিম হোসেন। তিনি এলাকার উন্নয়নে বৃহত্তর মিঠাপুর যুবসমাজকে ঐক্যবদ্ধ থাকার জোর আহ্বান জানান।
বক্তারা বলেন, পৌরসভার উন্নয়ন ও আধুনিকায়নে সাবেক মেয়র আলী আকসাদ ঝন্টুর যে পরিকল্পনা ছিল, তা বাস্তবায়নের জন্য তার মতো অভিজ্ঞ নেতৃত্বের বিকল্প নেই। স্থানীয় সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে তাকে আবারও মেয়র হিসেবে দেখার আগ্রহ প্রকাশ করেন তারা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন স্থানীয় সাবেক কাউন্সিলর নুর ইসলাম শেখ, সাবেক ছাত্র নেতা তৌকির আহমেদ ডালিম ও গণমাধ্যম কর্মী আমিরুল ইসলাম প্রমুখ।
এসময় এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় যুব সমাজের বিপুল সংখ্যক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২
নাচোলে নানান আয়োজনের মধ্যদিয়ে দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত