
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
উৎসবের রঙ সবার জীবনে সমানভাবে লাগে না। যখন বিত্তবানরা ঈদের কেনাকাটায় ব্যস্ত, তখন অনেক নিভৃত পল্লীতে দুবেলা অন্নের সংস্থান করাই কষ্টসাধ্য হয়ে পড়ে। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের এমন অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে এক অনন্য নজির স্থাপন করেছেন তরুণ সমাজসেবক ও চেয়ারম্যান পদপ্রার্থী যুবদল নেতা মো. রমজান হোসেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যক্তিগত উদ্যোগে তিনি ইউনিয়নের ৫ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন। তবে প্রথাগত আয়োজনের চেয়ে তার বিতরণের ধরনটি ছিল ব্যতিক্রমী ও মানবিক। লোকচক্ষুর অন্তরালে সাধারণ মানুষের আত্মসম্মান বজায় রাখতে তিনি বেছে নিয়েছেন রাতের আঁধার।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত মো. রমজান হোসেন নিজে উপস্থিত থেকে ইউনিয়নের বিভিন্ন প্রান্তে ছুটে চলেন। বড়ভাগ, মালা, টগরবন্দ, তিতুরকান্দী ও কৃষ্ণপুরসহ বিভিন্ন গ্রামের প্রতিটি দুস্থ পরিবারের দরজায় কড়া নেড়ে তিনি পৌঁছে দেন ঈদের বিশেষ উপহার প্যাকেট। প্রতিটি উপহার প্যাকেটে ছিল, উন্নত মানের পোলাও চাল, দুই ধরনের সুস্বাদু সেমাই, চিনি ও গুড়ো দুধ।
এ বিষয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মো. রমজান হোসেন বলেন, ‘রাজনীতি ও সমাজসেবার মূল লক্ষ্যই হলো মানুষের সেবা করা। উৎসবের আনন্দ যেন কেবল বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ না থাকে বরং সমাজের অবহেলিত ও নিম্নআয়ের মানুষগুলোও যেন সমানভাবে আনন্দ উপভোগ করতে পারে;সেই তাড়না থেকেই এই ক্ষুদ্র চেষ্টা। আমি সবসময় আমার ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম এবং আমৃত্যু আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।’
প্রচারবিমুখ এই মানবিক উদ্যোগের ফলে স্থানীয় সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মধ্যে বইছে আনন্দের ঢেউ। রাতের আঁধারে বাড়িতে গিয়ে উপহার পৌঁছে দেওয়ায় তারা যেমন অবাক হয়েছেন তেমনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দাদের মতে, প্রচারের আলোয় এসে সাহায্য দেওয়ার চেয়ে এভাবে নিরবে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত জনসেবার উদাহরণ।
খাদ্য সামগ্রী বিতরণকালে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ কর্মীবৃন্দ উপস্থিত থেকে তাকে সহযোগিতা করেন। রমজান হোসেন জানিয়েছেন, তার এই মানবিক সহায়তা কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল