
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার শেরপুর পৌরশহরের উত্তরসাহা পাড়া মহল্লার পূর্ব পাশ দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদী শুষ্ক মৌসুমে এখন এক বিবর্ণ রূপ ধারণ করেছে। পানির স্বাভাবিক প্রবাহ কমে যাওয়ায় নদীর পানির পরিমাণ অনেকটাই হ্রাস পেয়েছে। ফলে নদীর পানি স্থির হয়ে পড়ছে এবং রঙও ক্রমেই বিবর্ণ হয়ে যাচ্ছে। এ দৃশ্য স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি উদ্বেগেরও কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুর পৌরশহরের বিভিন্ন এলাকার পানি নিষ্কাশনের একাধিক নালার পানি এসে এই নদীতে মিশছে। বর্ষা মৌসুমে নদীতে পানির প্রবাহ বেশি থাকায় বিষয়টি তেমনভাবে চোখে না পড়লেও শুষ্ক মৌসুমে যখন পানির প্রবাহ কম থাকে, তখন এসব নালার পানি নদীতে জমে থেকে দূষণের সৃষ্টি করছে। এতে নদীর স্বাভাবিক পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।
স্থানীয় বাসিন্দা বাসুদেব কুমার দাস জানান, নদীতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সঠিকভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে নদীর তলদেশে পলি জমে প্রবাহও কমে গেছে। ফলে নদীর পানি দূষিত হওয়ার পাশাপাশি আশপাশের পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ বিষয়ে সচেতন মহলের দাবি, করতোয়া নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। নদীর নিয়মিত খনন, নালা ব্যবস্থাপনার উন্নয়ন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা গেলে নদীর দূষণ অনেকাংশে কমবে এবং আশপাশের পরিবেশও সুরক্ষিত থাকবে বলে তারা মনে করেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক