হোম » সারাদেশ » বগুড়া শেরপুরে ডলি ফুড প্রোডাক্টসকে ২ লাখ টাকা জরিমান

বগুড়া শেরপুরে ডলি ফুড প্রোডাক্টসকে ২ লাখ টাকা জরিমান

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলার বারদুয়ারী এলাকায় অবস্থিত “ডলি ফুড প্রোডাক্টস” নামের একটি সেমাই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

‎রবিবার (৮ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার উদ্যোগে পরিচালিত অভিযানে কারখানাটিতে নানা অনিয়মের প্রমাণ পাওয়া যায়। অভিযানে দেখা যায়, অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই, ঝুড়ি ভাজা, নিমকি ও মনেক্কা তৈরি এবং সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন ছাড়াই সেখানে সেমাই উৎপাদন করা হচ্ছিল।

‎অভিযান চলাকালে আরও দেখা যায়, পোড়া তেল দিয়ে ডালডা গলিয়ে তা সেমাই তৈরিতে ব্যবহার করা হচ্ছে এবং কারখানার শ্রমিকরা ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সংক্রান্ত কোনো সুরক্ষা সামগ্রী ব্যবহার করছেন না।

‎এসব অপরাধে “ডলি ফুড প্রোডাক্টস”কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা অর্থদণ্ড করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

‎অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার সহকারী পরিচালক মো. মেহেদী হাসান। এ সময় শেরপুর উপজেলার উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তাহমিনা আক্তার এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া সহযোগিতা করেন। অভিযানের সময় সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিল জেলা পুলিশের একটি চৌকস টিম।

‎এ সময় অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের সব আইন ও বিধি মেনে ৩০ দিনের মধ্যে কারখানার অবকাঠামোগত পরিবর্তন করে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করার নির্দেশনা প্রদান করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!