হোম » সারাদেশ » কক্সবাজার সদর হাসপাতালের লিফটের নিচে নিখোঁজ নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার 

কক্সবাজার সদর হাসপাতালের লিফটের নিচে নিখোঁজ নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার 

মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার জেলা সদর হাসপাতালের লিফটের নিচ থেকে নিখোঁজ এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) দুপুরে হাসপাতালের একটি লিফটের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নারীর নাম কহিনুর আক্তার (৩২)। তিনি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ডেইলপাড়া এলাকার কাতার প্রবাসী নুরুল ইসলামের স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, গত বুধবার (৩ মার্চ) অসুস্থ ৭ বছর বয়সী মেয়েকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন কহিনুর। পরে মেয়েকে হাসপাতালে ভর্তি করা হলেও ওইদিন বিকেল থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যান তিনি। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
নিহতের স্বামীর ভাইয়ের ছেলে আব্দুল্লাহ আল মামুন জানান, চারদিন ধরে তার চাচিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিষয়টি র‍্যাব ও পুলিশকেও জানানো হয়েছিল। শনিবার হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, নিখোঁজ হওয়ার দিন কহিনুরকে হাসপাতালের চারতলার লিফটে প্রবেশ করতে দেখা যায়। এরপর তাকে আর বের হতে দেখা যায়নি।
তিনি বলেন, “লিফটে কোনো দুর্ঘটনা ঘটেছে নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে—তা খতিয়ে দেখার দাবি জানাচ্ছি।”
এদিকে ঘটনাকে কেন্দ্র করে সরকারি এই হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। সেবাগ্রহীতারা অভিযোগ করছেন, চারদিন ধরে একটি মরদেহ লিফটের নিচে পড়ে থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ তা টের পায়নি—যা চরম অব্যবস্থাপনা ও দায়িত্বে অবহেলার পরিচয়।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী হায়দার চৌধুরী বলেন, “এই ঘটনার দায় হাসপাতাল কর্তৃপক্ষ এড়াতে পারে না। লিফটের নিয়মিত ত্রুটি যাচাই ও রক্ষণাবেক্ষণ করা হলে এমন ঘটনা ঘটত না। সঠিক তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।”
এ বিষয়ে জানতে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মং টিংঞোর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে কাজ চলছে। পরবর্তীতে বিস্তারিত জানা যাবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!