হোম » সারাদেশ » ধুনটে ১০ হাজার ৯২০ কেজি চোরাই ভারতীয় চাল উদ্ধার

ধুনটে ১০ হাজার ৯২০ কেজি চোরাই ভারতীয় চাল উদ্ধার

‎এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ার ধুনটে পৃথক অভিযানে ১০ হাজার ৯২০ কেজি ইন্ডিয়ান হোয়াইট গোল্ড সিল্কি সোর্টেক্স চোরাই চাল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ মার্চ) রাত ১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার চিকাশী ইউনিয়নের বড় চাপড়া গ্রাম এবং গোসাইবাড়ি ইউনিয়নের পূর্ব গুয়াডহুড়ী গ্রামে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।

‎পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি হিলি সীমান্ত থেকে ট্রাকযোগে ২৬ কেজি ওজনের ৬০০ বস্তা ইন্ডিয়ান হোয়াইট গোল্ড সিল্কি সোর্টেক্স চাল বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়। ২৬ ফেব্রুয়ারি রাতে ট্রাকের চালক হারুন মিয়া ট্রাকসহ নিখোঁজ হন বলে মালিকপক্ষ আজাদ গ্রুপ দাবি করে। চালকের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেলে কোম্পানির লোকজন খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

‎জিডির ভিত্তিতে বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসানের নেতৃত্বে এবং ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওসমান গণি, এএসআই নায়েব উল্লাহ ও বেলাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

‎অভিযানে চিকাশী ইউনিয়নের বড় চাপড়া গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে ও ঢাকা গার্মেন্টসের শ্রমিক সুরুজ মিয়ার বসতঘর থেকে ৩৪০ বস্তা চাল জব্দ করা হয়। এছাড়া গোসাইবাড়ি ইউনিয়নের পূর্ব গুয়াডহুড়ী গ্রামের মৃত আব্দুল মান্নান মন্ডলের ছেলে মইনুল মন্ডলের বসতঘর থেকে আরও ৮০ বস্তা চাল উদ্ধার করা হয়।

‎উদ্ধারকৃত চালের মোট পরিমাণ ৪২০ বস্তা, যার ওজন ১০ হাজার ৯২০ কেজি। ‎তবে ট্রাকচালক হারুন মিয়া ও চুরির সঙ্গে জড়িত অন্যদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

‎ এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!