
জাহিদুল হক মিন্টু, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দায় ট্রাক্টর ও পাওয়ার টিলার চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় চারটি পাওয়ার টিলার উদ্ধার ও চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার দাড়ীক্ষেত্র গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ফারুক হোসেন (৪৫) ও জেলা মহাদেবপুর উপজেলার লালবাড়ি গ্রামের মৃত আবুল বক্কর সিদ্দিকের ছেলে মিলন হোসেনের (৫০)।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়- ইরিবোরো মৌসুমের শুরু থেকে মান্দার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ট্রাক্টর-পাওয়ার টিলার চুরির ঘটনা ঘটে। এর পরিপেক্ষিতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। পুলিশ তথ্য প্রযুক্তি বিশ্লেষণ ও গোপন সংবাদে মঙ্গলবার দিনব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে চোর সন্দেহে ফারুক হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
তার দেওয়া তথ্যে মহাদেবপুর থানার শালবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে মিলন হোসেনকে আটক করা হয় এবং তার হেফাজতে থাকা চারটি পাওয়ার টিলার উদ্ধার করা হয়। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা আরো কয়েকটি ট্রাক্টর চুরির কথা পুলিশের নিকট স্বীকার করে। এসময় পাওয়ার টিলার আনা নেওয়ার কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপ জব্দ করা হয়েছে।
ট্রাক্টর হারানোর অভিযোগকারী দুইজন বাদী রহিদুল ইসলাম এবং জয়নুল ইসলাম বিশ্বাস পুলিশের এই সাফল্যজনক অভিযানে অত্যন্ত আনন্দিত।পাওয়ার টিলারগুলো উদ্ধার হওয়ায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছে ভুক্তভোগীরা। কৃষি নির্ভর মান্দা এলাকার কৃষি কাজে ব্যবহৃত চারটি পাওয়ার টিলার উদ্ধার এবং চোর চক্রের দুইজন সদস্য আটক হওয়ায় স্থানীয় গ্রামবাসীরা মান্দা থানা পুলিশ তথা নওগাঁ জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। বুধবার পুলিশ সুপার এই তথ্যগুলো নিশ্চিত করেছেন।
নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জেলায় অপরাধ প্রতিরোধে এবং আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে জেলা পুলিশ সর্বাত্মক তৎপর রয়েছে। তিনি অপরাধ প্রতিরোধে জনসাধারণকে তথ্য দিয়ে জেলা পুলিশকে সহযোগিতার আহ্বান জানান। আটকৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ