
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আবুল বাসার খানকে সমর্থন জানিয়েছে বাংলাদেশ ইসলামী আন্দোলনের আলফাডাঙ্গা উপজেলা শাখার নেতাকর্মীরা।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের বেড়িরহাট বাজারে আয়োজিত এক আলোচনা সভায় দলটির নেতাকর্মীরা এই ঘোষণা দেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা শরিফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বতন্ত্র প্রার্থী মো. আবুল বাসার খান।
উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাদী জসিম উদ্দীনের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল, শ্রমিক আন্দোলনের জেলা শাখার সভাপতি মিজানুর রহমান, ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতি বেলায়েত হোসাইন হামিদী, উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি ক্বারী আক্কাচ আলী, সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর ও ইসলামী যুব আন্দোলনের উপজেলা শাখার সভাপতি মাওলানা সেকেন্দার আলী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ইসলামী সমমনা দলগুলো জোটবদ্ধ হয়ে নির্বাচন করার প্রাথমিক সিদ্ধান্তের কারণে এই আসনে দলটির কোনো নিজস্ব প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি। পরবর্তীতে দল এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিলেও এই আসনে প্রার্থী না থাকায় দলীয় আমীর (চরমোনাই পীর)-এর নির্দেশনায় স্বতন্ত্র প্রার্থী আবুল বাসার খানকে সমর্থন দেওয়া হয়েছে। তাই ফুটবল প্রতীককে জয়যুক্ত করতে দলের সকল পর্যায়ের নেতাকর্মী এখন থেকে মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক