
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে টাকার বিনিময়ে ভোট প্রার্থনার অভিযোগ উঠেছে ধুনট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মিলন মিয়ার বিরুদ্ধে। গত সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার চিকাশী ইউনিয়নের হটিয়ারপাড়া (চুনিয়াপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “ভোটের হাট” নামের একটি পেজে মিলন মিয়ার একটি ভিডিও ভাইরাল হয়। প্রায় ৫৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, মিলন মিয়া ও তার সঙ্গীরা বগুড়া-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মো. সিরাজের ছবি সংবলিত লিফলেট হাতে নিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে কৃষকদের মাঝে বিড়ি ও টাকা বিতরণ করছেন।
ভিডিওতে মিলন মিয়াকে বলতে শোনা যায়, “আপনারা তো ভোট দেবেনই, তারপরও আপনাদের সঙ্গে সালাম বিনিময়ের জন্য এসেছি। আপনাদের বাড়ির যে টুকটাক সমস্যা আছে, সেগুলো দেখা হবে। আমরা বগুড়ার মানুষ, ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না।” এরপর তাকে এক কৃষককে বিড়ি কেনার জন্য টাকা দিতে দেখা যায়।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধির ১৮ নম্বর বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালানো নিষিদ্ধ। একই সঙ্গে নির্বাচন আইন অনুযায়ী ভোটারদের প্রভাবিত করতে অর্থ বা উপহার বিতরণ দণ্ডনীয় অপরাধ।
এ বিষয়ে ঘটনার দিন বিকেলে মুঠোফোনে যোগাযোগ করা হলে মিলন মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি মিল্ক ক্যান্ডি খাচ্ছিলাম। এক ব্যক্তির সঙ্গে কথা বলার সময় তাকে ক্যান্ডি দিয়েছি। ভিডিওটি আমি নিজেই পোস্ট করেছিলাম। পরে জামায়াত-শিবিরের লোকজন সেটি এডিট করে অপপ্রচার চালিয়েছে। লিফলেটগুলোও অনেক পুরোনো ছিল।” ধুনট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ.কে.এম তৌহিদুল আলম মামুন বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবগত নই।”
বগুড়া-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মো. সিরাজের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, “বিষয়টি সম্পর্কে অবগত নই। খোঁজ নিয়ে দেখা হবে।”
এ বিষয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতিলতা বর্মন বলেন, “বিষয়টি আমার নজরে আসেনি। তবে ভিডিওটি সত্য কিনা এবং এতে এআই প্রযুক্তি ব্যবহৃত হয়েছে কি না, তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ