হোম » সারাদেশ » পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানালো জামায়াতে ইসলামী

পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানালো জামায়াতে ইসলামী

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতাদের ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে পিরোজপুর প্রেসক্লাবের সভা কক্ষে এ শুভেচ্ছা জানানোর শেষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এসএম রেজাউল ইসলাম শামীম এর সভাপতিত্বে ও প্রেসক্লাব সদস্য অধ্যক্ষ সোহরাব হোসেন জুয়েল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সেক্রেটারি এসএম তানভীর হোসেন, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, প্রেসক্লাবের নির্বাহী সদস্য মাহমুদ হোসেন, জামায়াতের জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, ছাত্রশিবিরের জেলা সভাপতি মো: ইমরান খান ও সেক্রেটারি মিজানুর রহমান।

জামায়াত নেতারা বলেন, আজকে আমরা প্রেসক্লাবের কমিটিকে শুভেচ্ছা জানাতে এসেছি কোন কথা বলতে নয়, সামনে যেহেতু নির্বাচন তাই কিছু কথা বলতে হয়। দীর্ঘ ষোলোটি বছর পর বাংলাদেশের মানুষ একটি সুন্দর, সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন দেখা’র অপেক্ষায় রয়েছে। আমরা চাচ্ছি পিরোজপুর জেলায় যে তিনটি আসন রয়েছে প্রতিটি আসনেই অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন হবে। আপনাদের মাধ্যমে আমরা চাই সমাজে যে ত্রুটিগুলো রয়েছে যে ফ্যাসিবাদ রয়েছে আপনাদের লেখনির মাধ্যমে প্রশাসন যেনো সজাগ হয়। আইন শৃঙ্খলার মিটিং এ আমরা বলেছি পিরোজপুরে যে অবৈধ অস্ত্র রয়েছে তা এখনো উদ্ধার করা হয়নি। সন্ত্রাসী যে দলেই থাকুক না কেন, তারা সমাজের ভাইরাস, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আপনারা যদি একটু লেখালেখি করেন তাহলে প্রশাসন সজাগ হবে। আমরা নতুন বাংলাদেশে নতুন ভাবে বাস করতে চাই, ফ্যাসিবাদের আমলের মতো চাই না এজন্য আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি।

প্রেসক্লাব নেতারা বলেন- জামায়াত নেতৃত্ববৃন্দ নবনির্বাচিত প্রেসক্লাবের কমিটিকে শুভেচ্ছা জানাতে এসেছে তাদের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, আমরা চাইবো আপনারা জনগণের কল্যাণের জন্য রাজনীতি করবেন, আগামী দিনগুলো যেনো জনগণের হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠ ও নিরপেক্ষ হয় এবং জনগণের যাতে কল্যাণ হয় সে অনুযায়ী আমরা সকলে মিলে কাজ করবো। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের অধিকারের ব্যাপারে জামায়াত যেন সজাগ দৃষ্টি রাখে। পরিশেষে জামায়াত নেতৃবৃন্দকে প্রেসক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!