হোম » সারাদেশ » খালেদা জিয়ার মৃত্যুতে কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের শোক প্রকাশ

খালেদা জিয়ার মৃত্যুতে কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের শোক প্রকাশ

কোম্পানিগঞ্জ (সিলেট) প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় সংগঠনের সভাপতি নিজাম উদ্দীন ও সাধারণ সম্পাদক এম এ এইচ শাহিন বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে একজন প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ১৯৯৬ ও ২০০১ সালে আরও দুই দফা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ আরও বলেন, বহুদলীয় গণতন্ত্র, সাংবিধানিক শাসনব্যবস্থা ও রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। দীর্ঘদিন বিরোধীদলীয় নেতা হিসেবেও তিনি সংসদীয় রাজনীতিতে সক্রিয় থেকে গণতন্ত্র রক্ষায় আপোষহীন অবস্থান গ্রহণ করেন।
কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছে এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!