
মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় উভয় মোটরসাইকেলের আরও তিন আরোহী গুরুতর আহত হয়েছেন। রোববার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রাংটিয়া এলাকার ঝিনাইগাতী–গজনী সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আবু বক্কর রাংটিয়া এলাকার মৃত আবু তাহেরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হলে বিকট শব্দ হয়। এতে উভয় মোটরসাইকেলের আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত চারজনকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু বক্করকে মৃত ঘোষণা করেন। আহত কবিতা খাতুন (১৫), সিনহা খাতুন (১০) ও শিফাত (২০)-এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে দুর্ঘটনায় এক মোটরসাইকেলের চালক আবু বক্কর নিহত হলেও অপর মোটরসাইকেলের চালক সিজন (২১) ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানান স্থানীয়রা। খবর পেয়ে ঝিনাইগাতী থানার এসআই শফিউল্লাহ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহত ও নিহতদের উদ্ধারে সহযোগিতা করেন।
ঝিনাইগাতী থানার ওসি নাজমুল হাসান জানান, দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ