
টঙ্গী প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির তাতী দলের সাধারণ সম্পাদক মোঃ খোকন মিয়া। আজ (১৫.১২.২৫) সোমবার বিকেলে সিটি কর্পোরেশনের ৫২ নং ওয়ার্ডস্থ টঙ্গীর দারাইল এলাকায় নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে খোকন মিয়া বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি কুচক্রীমহল আমাকে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যে বিভিন্ন সময় আমার বিরুদ্ধে একাধিক ষড়যন্ত্রমূলক মাদক, গুম, খুন ও চাঁদাবাজি মতো মিথ্যা মামলার মাধ্যমে জেলহাজতে আমাকে অমানবিক নির্যাতন করা হয়। ওই নির্যাতনে আমার দুটি চোখই নষ্ট হয়ে যায়। পরে দেশ বিদেশের বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসায় আমার একটি চোখের কিছুটা উন্নতি হলেও এখনও পরিপূর্ণ সুস্থ হতে পারেনি।
সেইসব মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় ওইসব মামলা থেকে আমি মুক্তি পাই। কিন্তু ওই চক্রের ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসেবে সম্প্রতি স্থানীয় এলাকার একটি গার্মেন্টসকে কেন্দ্র করে ওই কুচক্রীমহল আবারও আমার বিরুদ্ধে মাদক, হত্যা, চাঁদাবাজিসহ গুমের মতো ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দাখিল করাসহ আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ততার মিথ্যা তথ্যের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার করে যাচ্ছে। সম্প্রতি এসব মিথ্যা সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ আমার বাসভবনে এসে তল্লাশির নামে হয়রানি করেছে।
এমনকি আমার সহধর্মিণী সহ আমার ছোট ছেলেকেও পুলিশ চার দিন হাজতে আটকিয়ে রাখে। পরে সাংবাদিকদের হস্তক্ষেপে তারা রেহায় পায়। এ সময় প্রশাসনের প্রতি আকুল আবেদন জানিয়ে তিনি বলেন, আমি যদি কোন অন্যায় করে থাকি, তাহলে তদন্তের মাধ্যমে যাহা শাস্তি হয়, তাহা আমি মেনে নিবো। এসব অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি এইসব মিথ্যা মামলা থেকে রেহাই পেতে স্থানীয় প্রশাসনসহ সাংবাদিক সমাজের সহায়তা কামনা করেন। এসময় অন্যান্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক