
মোঃ এখলাস শেখ,মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে উপকূলীয় অঞ্চলের মানুষের সুপেয় পানির অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে জাগরণী চক্র ফাউন্ডেশন “সৃজন প্রকল্প”-এর অধীনে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় মোরেলগঞ্জ উপজেলা চত্ত্বরে এই কর্মসূচির আয়োজন করে মোড়েলগঞ্জ ও শরণখোলা অঞ্চলের ভূক্তভোগী নাগরিক সমাজ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি ও বিশুদ্ধ পানির সংকট ক্রমেই তীব্র হচ্ছে। এ পরিস্থিতিতে জনগণের পানির অধিকার নিশ্চিত করতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
“বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে বিপর্যস্ত জনপদের জনসাধারণের সহনশীলতা ও অভিযোজন সক্ষমতা শক্তিশালীকরণ এবং নাগরিক সমাজের ক্ষমতায়ন” শীর্ষক উদ্যোগের আওতায় আয়োজিত এই ক্যাম্পেইনে পরিষ্কার পানি সরবরাহ, নিরাপদ পানি ব্যবস্থাপনা, বৃষ্টির পানি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়া হয়। পদযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা উপকূলীয় জনপদের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
উল্লেখ্য, কর্মসূচিটি বাস্তবায়নে সহায়তা করেছে জার্মান সরকারের উন্নয়ন সহযোগিতা সংস্থা (BMZ) ও NETZ বাংলাদেশ। এই উদ্যোগের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের জনগণের পানির অধিকার প্রতিষ্ঠায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান