
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার ঢাকা–রংপুর মহাসড়কে অজ্ঞাত পরিচয়ের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর ২০২৫) রাত প্রায় ৩টা ৫০ মিনিটে শাজাহানপুর উপজেলার বেতগাড়ী এলাকায় এ আর কে সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তি মহাসড়ক দিয়ে হাঁটছিলেন। এসময় অতিরিক্ত গতিতে আসা একটি অজ্ঞাত যানবাহন তাকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর পড়ে যান এবং পরবর্তী সময়ে একাধিক দ্রুতগামী গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। ধাক্কা ও পিষ্ট হওয়ার ফলে তার শরীরের প্রায় সব অংশই ক্ষতবিক্ষত হয়ে পড়ে, তবে মুখমণ্ডলের ডান পাশ তুলনামূলকভাবে অক্ষত রয়েছে।
দুর্ঘটনার পর সংশ্লিষ্ট গাড়িটি থেমে না থেকে দ্রুত স্থান ত্যাগ করে। এখন পর্যন্ত গাড়ি ও চালকের পরিচয় জানা যায়নি।
শেরপুর হাইওয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত