
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গৃহবধূ অমৃতা রাণী হালদার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজনরা। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১ টার দিকে উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে নিহত অমৃতা হালদারের বাবা আনন্দ হালদার অভিযোগ করে বলেন, অমৃতাকে নির্মমভাবে হত্যা করে এ ঘটনা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছে। তার স্বামী জীবন বর্মণসহ পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে অমিতার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। একপর্যায়ে তাঁরা অমৃতাকে হত্যা করেন বলে দাবি তার বাবার।
অমৃতার বোন সেতু হালদার বলেন, আমার বোনের স্বামী জীবন বর্মণ মাদকাসক্ত ছিলেন। তিনি প্রায়ই আমার বোনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। তার দাবি এটি আত্মহত্যা নয় পরিকল্পিত হত্যাকান্ড। আমরা এ হত্যার ন্যায্য বিচার চাই।
স্বজনরা আরও অভিযোগ করেন, প্রধান আসামি জীবন বর্মণ পুলিশের হাতে গ্রেপ্তার হলেও অন্য আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে। তাঁরা দ্রুত সকল আসামির গ্রেপ্তার ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর উল্লাপাড়ার শ্যামলীপাড়ার পশ্চিম পাড়া মহল্লা থেকে গৃহবধূ অমৃতা রাণী হালদারের রহস্যজনক লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলার পরও বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ স্বজনদের।

আরও পড়ুন
সাইকেল চালানো নিয়ে তুচ্ছ বিরোধ, ভৈরবে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ