
মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি
রাজধানীর মোহাম্মদপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে পুলিশের ধাওয়ায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তারা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি ব্যানার এবং বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—রংপুর মহানগর যুবলীগের সমাজকল্যাণ সম্পাদক মো. আশিকুর রহমান নয়ন, রাজশাহীর মো. জনি, নীলফামারীর জলঢাকার এ বি এম সিরাজুল মনির, রংপুর পলিটেকনিক কলেজ ছাত্রলীগের সভাপতি আশিক মাহমুদ, রংপুর মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক আলভী, রংপুরের বদরগঞ্জের মুজাহিদুল, বাগেরহাটের মোল্লাহাট এলাকার মামুনুর রহমান সরদার ও মো. সজিব খান।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, “সকালে গণভবন ক্রসিং এলাকায় নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা ঝটিকা মিছিলের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় তারা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে আসাদগেট ও লালমাটিয়া এলাকা থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়।”
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হয়েছে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল