
গোলাম রব্বানী দুলাল, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মা ও তার দুই বছরের শিশু কন্যা নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া-নওগাঁ মহাসড়কের উপজেলা সদরের ডালম্বা এলাকায় একটি মিনিট্রাক, মোটরসাইকেল ও টমটমের ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও দু’জন আহত হয়েছেন।
নিহতরা হলেন— আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের ছাতনী গ্রামের কোরআন শিক্ষিকা নাজিরা আক্তার (২৭) ও তার শিশু কন্যা নাজিফা আক্তার (২)।
আর আহতরা হলেন নিহত নাজিরার স্বামী রমজান আলী (৩৮) ও দুপচাঁচিয়া উপজেলার চন্দ্রদীঘি গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী নাজমা বেগম (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বগুড়াগামী আটা বোঝাই একটি মিনিট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল ও একটি টমটমের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাজিরা ও তার শিশু কন্যা নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন। আহত দু’জনকে বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান দুর্ঘটনায় দুইজন নিহত ও দুইজন আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক