
ফয়সাল হাসান
চট্টগ্রাম নগরের আগ্রাবাদ হাজীপাড়ায় বিরোধপূর্ণ জমি ও নারিকেল গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় কয়েকজন আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাজীপাড়ার এক বিরোধপূর্ণ জমি নিয়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় জমির ওপর ভবন নির্মাণ কাজে বাধা ও পাশের বাড়ির একটি নারিকেল গাছ কাটা নিয়ে শুরু হয় দ্বন্দ্ব। বিষয়টি প্রথমে পারিবারিক বিবাদ থেকে আইনি জটিলতায় গড়ালেও শেষ পর্যন্ত রক্তক্ষয়ী মারামারিতে রূপ নেয়।
ভুক্তভোগী নিশাত আক্তার জানান, প্রায় এক বছর আগে প্রতিবেশী হাফেজ আহমদের একটি নারিকেল গাছ তাদের বসতঘরের ছাঁদে ঢুকে পড়ে। একাধিকবার গাছ কাটার অনুরোধ করলেও হাফেজ আহমদ নানা অজুহাতে তা এড়িয়ে যান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে গত ৯ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে গাছ কাটাকে কেন্দ্র করে হাফেজ আহমদ অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং পরিবারের সদস্য মো. ফরহাদ উদ্দিন পলাশকে মারধরের চেষ্টা চালান। ওই ঘটনায় তিনি ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৫৮২, তারিখ ০৯/০৯/২০২৫) করেন।
নিশাত আক্তারের অভিযোগ, জিডি করার পরও কোনো কার্যকর আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। বরং ভবন নির্মাণে বারবার বাধা সৃষ্টি হওয়ায় তারা এক পর্যায়ে নারিকেল গাছটি কেটে ফেলেন। এতে ক্ষিপ্ত হয়ে হাফেজ আহমদ গত ২৭ সেপ্টেম্বর নির্মাণকাজে পুনরায় বাধা দেন এবং ভাঙচুর চালান। এ সময় হামলার শিকার কয়েকজন আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। পরবর্তীতে থানায় মামলা করতে গেলে কর্তৃপক্ষ মামলা না নিয়ে কেবল অভিযোগ গ্রহণ করে।
অভিযুক্ত হাফেজ আহমদ অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, এখানে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তাই আমি কাজ। করতে বাধা দিয়েছি। হামলার অভিযোগ ভিত্তিহীন।
এ প্রসঙ্গে ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ কর্মকর্তা জানান, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করা হয়। পরবর্তীতে এক পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এই বিরোধ মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও কার্যকর কোনো সমাধান হয়নি। এতে দিন দিন বাড়ছে উত্তেজনা ও অশান্তি। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ