
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং আকবরিয়া গ্রুপের সৌজন্যে “ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫” সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে শহীদ চাঁন্দু স্টেডিয়ামে জমকালো আয়োজনে উদ্বোধন করা হয়েছে।
টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন বগুড়া জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন। বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধনী আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আকবরিয়া গ্রুপের স্বত্বাধিকারী ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য হাসান আলী আলাল, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক খালেদ মাহমুদ রুবেল, সদস্য মমিনুর রশিদ শাহিন, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল ও সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমীর পরিচালক সাহেদুল ইসলাম রবি প্রমুখ।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে শহীদ আবু সাঈদ একাদশ ও শহীদ মীর মুগ্ধ একাদশ। ৫০ ওভারের এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শহীদ মীর মুগ্ধ একাদশ।
উল্লেখ্য, এই টুর্নামেন্টে বগুড়া জেলার বয়সভিত্তিক ৬০ জন ক্রিকেটার চারটি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করছে। দলগুলো হল: শহীদ আবু সাঈদ একাদশ, শহীদ মীর মুগ্ধ একাদশ, শহীদ ইয়ামিন একাদশ এবং শহীদ ওয়াসিম একাদশ।
টুর্নামেন্টটি জেলা ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি করেছে বলে জানান আয়োজকরা।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি