
টঙ্গী প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গী পূর্ব থানার নেতৃবৃন্দ।
গতকাল বুধবার বাদ মাগরিব চেরাগআলীস্থ জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম, সেক্রেটারি আবু রায়হানসহ মহানগর ও থানা জামায়াতের কর্মপরিষদ সদস্যরা। সাংবাদিক সমাজের পক্ষ থেকে গাজীপুর মহানগর সাংবাদিক ফোরামের সভাপতি গাজী খলিলুর রহমান, টঙ্গী প্রেসক্লাবের এম এ হায়দার সরকার, কালিমুল্লা ইকবাল, হাসান মামুন ও সদস্য বশির আলম প্রমুখ।
জামায়াত নেতা নজরুল ইসলাম বক্তব্যে বলেন, আমাদের দল প্রচার-প্রচারণা বা ব্যানার-ফেস্টুন নির্ভর রাজনীতিতে বিশ্বাসী নয়। আমাদের মূল শক্তি কর্মীদের আদর্শিক চেতনা, সাংগঠনিক কাঠামো ও জনগণের সাথে সরাসরি যোগাযোগ।
তিনি আরও বলেন, বিদ্যমান একক সদস্য ভিত্তিক নির্বাচনী ব্যবস্থায় ছোট ও মাধ্যম আকারের রাজনৈতিক দলগুলো ক্ষতিগ্রস্ত হয়। এজন্য ভোটের আনুপাতিক হারে সংসদীয় আসন বণ্টনের লক্ষ্যে পিআর পদ্ধতি চালুর দাবি জানান।
এতে অন্যান্য বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের সঙ্গে অপ্রয়োজনীয় দ্বন্দ্ব বা দূরত্ব তৈরি হলে প্রকৃত চিত্র বিকৃত হয়। জনগণের আস্থার সংকট দেখা দেয়। তাই রাজনীতি ও প্রশাসনের সকল অঙ্গনে সাংবাদিকদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান তারা।
সভায় অপ-সাংবাদিকতা প্রতিরোধে একযোগে কাজ করার ওপর জোর দেওয়া হয়। সাংবাদিক নেতারা জামায়াতের সহযোগিতা কামনা করেন এবং জামায়াত নেতৃবৃন্দ সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান