
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নে সরকারি খাল দখল করে দীর্ঘদিন ধরে ব্যক্তিগতভাবে ব্যবহার করছেন স্থানীয় যুবলীগ নেতা এমদাদ স্বর্ণকার। অভিযোগ রয়েছে, সাবেক সংসদ সদস্য কুমিল্লা-০৪ (দেবিদ্বার) আসনের রাজি মুন্সীর প্রভাব খাটিয়ে তিনি এ অবৈধ দখল বজায় রেখেছেন।
সরেজমিনে দেখা যায়, সুবিল সলিমুল্লাহ মাদ্রাসার দক্ষিণ পাশে এক সময়কার বিশাল সরকারি খাল আজ একটি ব্যক্তিমালিকানাধীন পুকুরে পরিণত হয়েছে। প্রায় ৩০ বছর আগে খালের দুই প্রান্ত মাটি ফেলে বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকেই জায়গাটি পুকুরে রূপ নেয় এবং সেখানে নিয়মিত মাছ চাষ শুরু করেন এমদাদ স্বর্ণকার।
এলাকাবাসীর দাবি, সরকারি খালের জায়গা দখল করে গড়ে ওঠা এই পুকুর থেকে প্রতি বছর অন্তত দুই লাখ টাকা রাজস্ব আদায়ের কথা থাকলেও গত তিন দশকে কোনো অর্থ সরকারি কোষাগারে জমা হয়নি। ফলে রাষ্ট্রীয় কোষাগার কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
স্থানীয়রা অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাবের কারণে দখলদাররা দীর্ঘদিন ধরে সরকারি সম্পদ অবৈধভাবে ব্যবহার করছেন। অথচ সাধারণ মানুষ সামান্য সরকারি খাস জমির জন্যও ভোগান্তিতে পড়েন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা বলেন, “এত বড় সরকারি সম্পদ এত বছর ধরে বেহাত হলো, কোটি কোটি টাকার রাজস্ব গেল কোথায়? এর জবাব কে দেবে?”
এলাকাবাসীর দাবি, সরকারি সম্পদ রক্ষায় অবিলম্বে কঠোর ব্যবস্থা নিতে হবে। নইলে সরকারি খাল দখলের প্রবণতা আরও বেড়ে গিয়ে ভবিষ্যতে জনস্বার্থের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। সচেতন মহল ও ভুক্তভোগীরা দ্রুত সরকারি পর্যায়ে তদন্ত করে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন।

আরও পড়ুন
সিরাজগঞ্জে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মিজান গ্রে’ফ’তা’র
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা