হোম » সারাদেশ » শেরপুরে মোটরসাইকেল-ভ্যানগাড়ি সংঘর্ষে শিক্ষার্থী নিহত

শেরপুরে মোটরসাইকেল-ভ্যানগাড়ি সংঘর্ষে শিক্ষার্থী নিহত

মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধিঃ 
শেরপুর সদর উপজেলার চর মোচারিয়া ইউনিয়নের কেন্দুয়ারচর এলাকায় মোটরসাইকেল ও ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে আশিক মিয়া (১৭) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক সদর উপজেলার মুন্সিরচর গ্রামের মো. বাদল মিয়ার ছেলে এবং চরমোচারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম খোরশেদুজ্জামানের ভাতিজা।

জানা গেছে, আশিক মিয়া গত বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন, তবে ফল সন্তোষজনক না হওয়ায় চলতি বছর পুনরায় পরীক্ষায় অংশ নেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে তিনি তার বোনের জন্য ওষুধ আনতে মোটরসাইকেলযোগে নন্দির বাজার যাচ্ছিলেন। পথে কেন্দুয়ারচর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আশিক গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মুন্সিরচর এলাকার ইউপি সদস্য সাজু মিয়া বলেন, “আমরা বাজারে বসে ছিলাম। এ সময় এক দোকানদার জানান রাস্তায় একটি মরদেহ পড়ে আছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা মরদেহ উদ্ধার করে আশিকের বাড়িতে নিয়ে যান। ধারণা করা হচ্ছে, কাঠবোঝাই একটি ভ্যানগাড়ির সঙ্গেই সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে কিছু কাঠের আসবাবপত্রও ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে।”

শেরপুর সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম খান বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ নিহতের বাড়িতে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যানগাড়ির সঙ্গে সংঘর্ষেই আশিকের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

আশিকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অকালেই একটি সম্ভাবনাময় তরুণের প্রাণ ঝরে যাওয়ায় এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!