হোম » রাজনীতি » নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আহ্বান মাওলানা রফিকুল ইসলাম খানের

নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আহ্বান মাওলানা রফিকুল ইসলাম খানের

‎এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াতে ইসলামী আগামী নির্বাচনকে সামনে রেখে প্রস্তুত রয়েছে, তবে তার আগে দেশের রাজনৈতিক পরিবেশে কিছু মৌলিক সংস্কারের প্রয়োজন। তিনি দাবি করেন, নির্বাচনের আগে অবশ্যই “লেভেল প্লেয়িং ফিল্ড” তৈরি করতে হবে এবং প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের অবিলম্বে গ্রেফতার করা উচিত।
‎বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী দেশের মাটি ও মানুষের জন্য রাজনীতি করে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়। জামায়াত একটি সুখী, সমৃদ্ধশালী, মানবিক এবং ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছে, যেখানে দুর্নীতি এবং চাঁদাবাজি থাকবে না।
‎রফিকুল ইসলাম খান জনগণের সেবক হয়ে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দেন এবং বলেন, জামায়াতে ইসলামী নারীদের সর্বোচ্চ মর্যাদা প্রদান করবে এবং অমুসলিমদের পূর্ণ নাগরিক অধিকার নিশ্চিত করবে। তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী কখনোই অমুসলিমদের জায়গা দখল করেনি, বরং যারা তাদের ব্যবহার করে রাজনীতি করেছে, তারা তাদের ওপর নির্যাতন চালিয়েছে এবং জমি দখল করেছে।

‎তিনি সরকারের সমালোচনা করে বলেন, বর্তমান সরকারের নির্বাচনের আগে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পারেনি। কিছু রাজনৈতিক দলের নেতারা নির্বাচনে হস্তক্ষেপের জন্য তৎপর, যার ফলে জনগণের নির্বাচনী অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। তিনি নির্বাচন কমিশনের রোডম্যাপের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন এবং বলেন, মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন করা একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা নষ্ট করবে।
‎মাওলানা রফিকুল ইসলাম খান আরও বলেন, জামায়াত ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় ভূমিকা পালন করবে এবং ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করবে।
‎এছাড়া, তিনি জামায়াতের শীর্ষ নেতাদের হত্যার সাথে জড়িতদের বিচার করার দাবি জানান, যা তিনি “জুডিশিয়াল কিলিং” বলে উল্লেখ করেছেন।
‎বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকারের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন এবং তারা জামায়াতে ইসলামীকে একটি শক্তিশালী, দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসেবে তুলে ধরেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!