
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
বিএনপি’র শাসনামলে গত ১৯৯২ সালের ১লা জুলাই যমুনা সারকারখানা বাণিজ্যিক ভাবে দানাদার ইউরিয়া উৎপাদন শুরু করে। বিশ্বের দ্বিতীয় এবং দেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানা গ্যাস সঙ্কটের অজুহাতে প্রায় দুই বছর যাবৎ বন্ধ রয়েছে। অধিক সময় উৎপাদন বন্ধ থাকায় চলতি ভরা আমন মওসুমে ইউরিয়া সার সংকটের আশঙ্কার পাশাপাশি কারখানার মূল্যবান যন্ত্রাংশ অকেজো অবস্থায় পড়ে থাকায় মরিচা ধরে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
জেএফসিএল সুত্রে জানাযায়, লাভজনক শিল্প প্রতিষ্ঠান যমুনা সারকারখানায় বিগত আওয়ামীলীগ সরকার গ্যাস সঙ্কটের অজুহাতে গত বছরের ১৫ জানুয়ারি তিতাস গ্যাস কোম্পানি সরবরাহ বন্ধ করে দেয়ায় ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। দীর্ঘ ১৩ মাস কারখানা বন্ধ রাখার পর গত ২৪ ফেব্রুয়ারী ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। উৎপাদন শুরুর ৪ দিনের মাথায় অ্যামোনিয়া প্ল্যান্টের ভাল্বে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় ফের উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। প্রায় দুই বছর যমুনা সার কারখানা বন্ধ থাকায় সরকারের রাজস্ব ক্ষতি দুই হাজার কোটি টাকার অধিক। কারখানা বন্ধ থাকার সুযোগে নিয়মিত ও অনিয়মিত ওভারহোলিংয়ের নামে শত শত কোটি টাকা সিন্ডিকেট হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। অন্যান্য সারের তুলনায় যমুনার দানাদার ইউরিয়া সার গুনগত মান বেশী ভালো হওয়ায় কৃষকদের চাহিদা তুঙ্গে। প্রতি বছরই জেএফসিএল লাভের মুখ দেখলেও পরিকল্পিত ভাবে কারখানা বন্ধ রেখে বিদেশী নিম্নমানের সার আমদানী করতে একটি চক্র মরিয়া বলে স্থানীয়দের অভিযোগ।
গত ১৫ আগষ্ট বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান ফজলুর রহমান যমুনা সার কারখানা পরিদর্শন কালে স্থানীয় শ্রমিকদলের নেতাকর্মী, ডিলার, শ্রমিক ও ব্যবসায়ীরা গ্যাস সংযোগের দাবীতে মানবন্ধন করে। এ সময় শিগগিরই গ্যাস সংযোগ দেওয়ার আশ্বাষ দেন বিসিআইসি চেয়ারম্যান ফজলুর রহমান। দেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া উৎপাদনকারী যমুনা সারকারখানা পরিকল্পিত ভাবে বন্ধ রেখে নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা চালু রাখার বিষয়টি সিন্ডিকেট চক্রান্তের অংশ বলে মনে করেন স্থানীয়রা।
উল্লেখ্য, যমুনা সার সারকারখানা বাংলাদেশ রাসায়নিক শিল্পসংস্থা (বিসিআইসি) অধীন দৈনিক ১ হাজার ৭০০’শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনে সক্ষম। সারকারখানা থেকে উত্তরবঙ্গের ১৬ জেলাসহ মোট ২১ জেলায় সার সরবরাহ করা হয়।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার