
হাবিবুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়:
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। কয়েক দফায় মহাসড়ক ও রেলপথ অবরোধসহ মহাসড়কে সেমিনার ও ক্লাস করেছেন। এমনকি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশনও মহাসড়কে অনুষ্ঠিত হয়েছে। তবে এবারের আন্দোলনে এক ভিন্ন দৃশ্য দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী শিকলবন্দী হয়ে মহাসড়ক ও রেলপথের সামনে অবস্থান নেন। তাঁর এই প্রতীকী প্রতিবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
শিকলবন্দী হয়ে আন্দোলনে অংশ নেওয়া এই শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী মোঃ মেহেদী বিন হাসান। আজ (১৮ আগস্ট) একান্ত সাক্ষৎকারে মোঃ মেহেদী বিন হাসান বলেন, ”আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন শুরু করলেও আন্দোলনকে আরও তীব্র ও জোরালো করার জন্য চলতি বছরের (৩১ জানুয়ারি) নিজ চিন্তা ও নিজ উদ্যোগে প্রথম কাফনের কাপড় ও শিকল পরিধান করি এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিটি কর্মসূচিতে ধারাবাহিকভাবে কাফনের কাপড় ও শরীরে শিকল পরে আন্দোলনের সম্মুখে অবস্থান নিয়েছি।”
তিনি আরো বলেন, “আমরা বছরের পর বছর ধরে স্থায়ী ক্যাম্পাসের জন্য আন্দোলন করছি। প্রশাসন প্রতিবারই আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ নেই। আমরা মনে করি, আমাদের জীবন এখন শিকলে বন্দী। অনিশ্চয়তার মধ্যে পড়াশোনা করছি। তাই প্রতীকীভাবে আমি নিজেকে শিকলবন্দী করেছি, যাতে কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়। আর কাফনের কাপড় পরিধান করে বোঝাতে চেয়েছি আমাকে মৃত্যুর ভয় দেখাবেন না। আমি মৃত্যুকে ভয় করি না। মৃত্যুর ভয়কে জয় করেই রাস্তায় নেমেছি! পরে শুক্রবার থেকে গণঅনশন শুরু করলে অন্তবর্তীকালীন সরকার গতকাল (১৭ আগস্ট) জাতীয় একনেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদন করেন।
উল্লেখ্য, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে তারই রেখে যাওয়া ২২৫ একর জায়গা বরাদ্দ করে প্রায় ৯ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। কিন্তু প্রতিষ্ঠার এতো দিনেও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মিত হয়নি। তাই ডিপিপি অনুমোদনের দাবিতে ২৬ জুলাই থেকে নানা কর্মসূচির মধ্যদিয়ে লাগাতার আন্দোলন করেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা