
রবিউল হাসান লায়ন , জামালপুর
জামালপুরে ৮৩ বোতল ভারতীয় মদ ও দেশীয় অস্ত্রসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। মঙ্গলবার ভোররাতে জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর পূর্ব পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, দেওয়ানগঞ্জ উপজেলার পূর্ব চেংটিমারী গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে পলাশ মিয়া (৪২), একই গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে আব্দুল আয়েল (৪২), একই উপজেলার কুমারের চর গ্রামের অসিম উদ্দিন শেখের ছেলে মিষ্টার আলী (৪৫), একই গ্রামের আনছার আলীর ছেলে সবুজ মিয়া (৩০), পাথরের চরের মৃত রহম আলী মন্ডলের ছেলে শাহজাহান(৪৫), কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার নওদাপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (৩৮), একই গ্রামের মন্টু মিয়ার ছেলে শাহীন (২৫)।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ থানাধীন পাথরের চরে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। এসময় পাথরের চর পূর্ব পাড়ায় মদ বিক্রিকালে মাদক ব্যবসায়ের সাথে জড়িত ৭ জনকে আটক করে পুলিশ। পরে তাদের কাছ থেকে বিভিন্ন ব্যান্ডের ৮৩ বোতল ভারতীয় মদ যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮ হাজার ৫ শ টাকা এবং ৩টি রামদা ও ২টি ছুরি উদ্ধার করা হয়। অভিযানকালীন পুলিশের উপস্থিতি টের পেয়ে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার নওদাপাড়া গ্রামের মৃত বাছেদ আলীর ছেলে আলম (৪২)সহ অজ্ঞাতনামা আরও ৩ জন পালিয়ে যায়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) এর অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, মাদকবিরোধী এই অভিযান পূর্বনির্ধারিত একটি পরিকল্পনার অংশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চক্রটির মূলহোতাসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
চক্রটি সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে চোরাচালানের মাধ্যমে ভারতীয় মদ দেশে এনে বিক্রি করত। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ২৫-বি (১)(বি)/২৫-ডি ধারা এবং ১৮৭৮ সালের অস্ত্র আইন এর ১৯(এফ) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা বলেন, ডিবি-২ এর এই সফল অভিযান প্রশংসনীয়। মাদকবিরোধী যেকোনো কর্মকাণ্ডে আমাদের দৃষ্টিভঙ্গি জিরো টলারেন্স। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আরও জোরদার করা হবে। আমরা জনগণের সহযোগিতায় জামালপুরকে নিরাপদ ও মাদকমুক্ত জেলায় পরিণত করতে দৃঢ় প্রতিজ্ঞ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল