
তারিকুল ইসলাম,কালাই(জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে তালুকদার অটোরাইচ মিলের তুষের ভাপারে অসাবধানতাবসত পা পিছলে পড়ে গিয়ে আতিকুর রহমান নাসিম (১৯) নামে এক আলিম শিক্ষার্থী নিহত হয়েছে। আজ বুধবার (১৬ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে কালাই পৌরশহরের বাসস্ট্যান্ড এলাকায় তালুকদার অটোরাইচ মিলে এ ঘটনা ঘটে।
নিহত আতিকুর রহমান নাসিম জয়পুরহাট সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের গুয়াবাড়ি গ্রামের মো. হজবর আলীর ছেলে। সে সদরের কড়ই নুরুল হুদা আলিয়া মাদ্রাসার আলিম পরীক্ষার্থী। এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার এস আই তোফায়েল হাসান।
পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, নিহত আতিকুর রহমান নাসিম চলতি আলিম পরিক্ষার্থী। পরিবারে আর্থিক অনটনের জন্য সে কালাই পৌরশহরের তালুকদার অটোরাইচ মিলে শ্রমিকের কাজ করতেন। সে এই কাজের ফাঁকে লেখাপড়াও করে আসছেন। চলতি আলিম পরীক্ষায় অংশগ্রহন করে পরীক্ষাও দিচ্ছেন। আজ বুধবার পরীক্ষা না থাকায় সকাল থেকেই সে অটোরাইচ মিলে অন্যান্য শ্রমিকের সাথে কাজ করছিলেন। দুপুরের দিকে লোড়ার সিড়ি বয়ে উপরে ওঠে তুষের ভাপারের গেট খুলতে গিয়ে অসাবধানতাবসত পা পিছলে ভিতরে পড়ে যায়। এসময় অন্যান্য শ্রমিকরা ভাপারের টিনের চং কেটে তাকে বের করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষার্থীর বাবা হজবর আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন,‘আজ পরীক্ষা আছে কি না তা জানতে সকালে আমার ছেলে নাসিমের সাথে মোবাইলে কথা হয়েছে। আমার বুকের ধন এভাবে চলে যাবে তা আমি ভাবতেও পারছিনা। আমার বাবাকে আল্লাহ যেন বেহেস্তবাসী করেন।’
তালুকদার অটোরাইচ মিলের মালিক আব্দুল্লাহ তালুকদার বলেন,‘আসলে মিলটি আমি কয়েক বছর আগে ভাড়া দিয়েছি। তারাই এখন মিলটি পরিচালনা করছেন। নিহত নাসিম আমার সামনেই চলাফেরা করত। কাজও করত আবার পড়াশুনাও করত। এ কারনে ওকে আমার খুব ভাল লাগত। এভাবে ওর মৃত্যু হবে তা মেনে নিতে পারছিনা।’
কালাই থানার দায়িত্বপ্রাপ্ত এসআই তোফায়েল আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে মরদেহ কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা