
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা ও চাঁদপুরে এক মসজিদের খতিবের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ জুলাই) বিকালে সদর বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে থেকে ‘আলফাডাঙ্গা সচেতন নাগরিক সমাজ’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে সদর বাজারের চৌরাস্তায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আলফাডাঙ্গা উপজেলা ক্বওমী উলামা ঐক্য পরিষদের সভাপতি মুফতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনটির প্রধান উপদেষ্টা মাওলানা তামিম আহমেদের পরিচালনায় বক্তব্য দেন, আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কুতুবউদ্দিন ফরিদী, ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সভাপতি মাওলানা শরীফুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের উপজেলা শাখার সভাপতি মাওলানা আমিনুল্লাহ, খেলাফত যুব মজলিসের উপজেলা শাখার সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইন, উপজেলা জামায়াত নেতা জুবায়ের আহমেদ ও ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সহ-সভাপতি হাদী জসিম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাসীর পরিচয় শুধুই সন্ত্রাসী, এর কোনো দলীয় পরিচয় হতে পারে না। এসময় তারা মিটফোর্ডের ব্যবসায়ী হত্যা ও চাঁদপুরে মসজিদের এক খতিবের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা এবং এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তি দাবি জানান। একইসঙ্গে সারাদেশে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল