
মেহেদী হাসান মামুন: ঢাকা যাওয়ার পথে ‘ফারহান-৩’ লঞ্চ থেকে পড়ে নিখোঁজ হওয়া ভোলার যুবক লোকমানের (২৪) মরদেহ অবশেষে ২৯ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জের মোল্লাচর এলাকায় ধলেশ্বরী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সোমবার রাত ২টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
লোকমান ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তোতা মিস্ত্রি বাড়ির বাসিন্দা। তার পিতার নাম রফিকুল ইসলাম। পরিবার সূত্রে জানা যায়, হাঁটুর সমস্যায় ভুগছিলেন লোকমান। স্ত্রী ও সন্তানকে নিয়ে ‘ফারহান-৩’ লঞ্চে করে ঢাকা যাচ্ছিলেন। মুন্সিগঞ্জের কাছাকাছি পৌঁছালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে কয়েকবার বমি করেন। পরে বমি করতে করতে লঞ্চের কিনারায় গিয়ে বসলে একপর্যায়ে নদীতে পড়ে যান।
লঞ্চের তিন তলা থেকে এক যাত্রী চিৎকার করলে সঙ্গে থাকা তার চাচাতো ভাই বিষয়টি বুঝতে পারেন। তারা নিচে নেমে গিয়ে লোকমানের জুতা খুঁজে পান। এরপর লঞ্চ কর্তৃপক্ষকে জানানো হলে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনীকে অবহিত করা হয়।
এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনজন সমন্বয়কসহ কয়েকজন যাত্রী সিসিটিভি ফুটেজ দেখতে চাইলেও লঞ্চ কর্তৃপক্ষ তা দিতে অস্বীকৃতি জানায়, যা নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়ায়।
পরবর্তীতে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের যৌথ ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয়। দীর্ঘ ২৯ ঘণ্টা পর অবশেষে লোকমানের মরদেহ উদ্ধার করা হয় মোল্লাচর এলাকার ধলেশ্বরী নদী থেকে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা