হোম » সারাদেশ » ফরিদপুর-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী হবেন ওয়া লিউর রহমান

ফরিদপুর-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী হবেন ওয়া লিউর রহমান

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ছাত্র-জনতার আন্দোলনে পতন হওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জোটের শরিক দলগুলো ছাড়া বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ অন্যান্য দলের সম্ভাব্য প্রার্থীরা ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে এরই মধ্যে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন।
ইতোমধ্যে আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। যার মধ্যে আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসনটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্ভাব্য প্রার্থী হচ্ছেন মো. ওয়ালিউর রহমান রাসেল।
শনিবার (৩১ মে) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলনের আলফাডাঙ্গা উপজেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ হাদী জসিম। এরআগে শুক্রবার বিকালে বোয়ালমারী উপজেলার সাতৈর শাহী জামে মসজিদে ফরিদপুর-১ আসনের তিন উপজেলার ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত একটি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে বাংলাদেশ ইসলামী আন্দোলনের দলীয় প্রার্থী হিসেবে মো. ওয়ালিউর রহমান রাসেলের নাম চূড়ান্ত করা হয়। ওয়ালিউর রহমান রাসেল বাংলাদেশ ইসলামী আন্দোলনের ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জেলার বোয়ালমারী পৌর এলাকার গুনবহা গ্রামের বাসিন্দা।
এসময় সভার আহবায়ক ও ইসলামী আন্দোলনের আলফাডাঙ্গা উপজেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ হাদী জসিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের বোয়ালমারী উপজেলা শাখার আহবায়ক মাওলানা আব্দুল হক, আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা শরিফুল ইসলাম ও মধুখালী উপজেলা শাখার সভাপতি মুফতি ইমরান হোসাইন প্রমুখ।
এবিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আলফাডাঙ্গা উপজেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ হাদী জসিম বলেন, ‘ফরিদপুর-১ আসনের ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের নিয়ে সকলের সর্বসম্মতিক্রমে মো. ওয়ালিউর রহমান রাসেলকে দলীয় সম্ভাব্য প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। তিনি একজন আদর্শবান, সৎ এবং জনবান্ধব ব্যক্তি। ফরিদপুর-১ আসনের উন্নয়ন ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় তিনি একজন যোগ্য প্রার্থী।’
জানতে চাইলে  ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি মো. ওয়ালিউর রহমান রাসেল বলেন, ‘আমি চাই ন্যায়-ইনসাফভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করতে। ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীক মানেই শান্তি, ন্যায় ও ইনসাফ। ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকে নির্বাচিত হলে ফরিদপুর-১ আসনের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করব।’
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!