
হাবিবুর রহমান: চৈত্রের আলো নিভে ভোরের নতুন সূর্যের অপেক্ষায় কোটি বাঙালির প্রাণ; ১৪৩২ বঙ্গাব্দের প্রথম প্রভাতে জীর্ণ-মলিন অতীত আর কূপমণ্ডুকতা ঝেড়ে ফেলে মানবের জয়গানে বাজছে বর্ষবরণের সুর। অতীতের সকল ব্যর্থতা, গ্লানি মুছে ফেলার প্রত্যয়ে সমবেত কণ্ঠে ধ্বনিত হচ্ছে- ‘এসো হে বৈশাখ, এসো এসো…।’
বিশ্বব্যাপী মূল্যবোধের ক্ষয় আর মানুষে মানুষে দূরত্ব ঘুচিয়ে সম্প্রীতির সাধনায় বাঙালি মনুষ্যত্বের জয়গান বাজছে শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে। নতুন বছরের প্রথম সকালে, নতুন দিনের প্রত্যয় আর অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই জারি রাখার বলিষ্ঠ উচ্চারণে ১৪৩২ বঙ্গাব্দকে বরণ করে নিয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়।
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে আজ সোমবার সকাল ১১টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে স্থানীয় শাহজাদপুরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে অ্যাকাডেমিক ভবন-৩ এ গিয়ে শেষ হয়। পরে উপাচার্য অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার, উপ-উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ফিরোজ আহমদ ও প্রক্টরিয়াল টিমের সদস্যকে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের মেলার স্টল পরিদর্শন করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এসএম হাসান তালুকদার বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, পহেলা বৈশাখ বাঙালির শক্তিশালী ও সমৃদ্ধ সংস্কৃতির কথা মনে করিয়ে দেয়। হাজার বছর ধরে চর্চিত বাঙালির উদার ও মানবিক সংস্কৃতি আমাদের জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করে আসছে। আমাদের সংস্কৃতিই আমাদের শক্তি। তিনি আরও বলেন, ফিলিস্তিনসহ পৃথিবীর বিভিন্ন দেশে সাম্রাজ্যবাদী শক্তি নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠায় ব্যাপক গণহত্যায় মেতে আছে। নতুন বাংলাদেশ থেকে আমরা পৃথিবীর সকল গণহত্যাকারীকে ঘৃণা জানাই। তিনি বিশ্বশান্তি কামনা করে বলেন, নতুন বছর বয়ে আনুক একটি নিরাপদ ও মানবিক পৃথিবীর বার্তা।
পরে বিকাল ৪ টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও কুষ্টিয়া হতে আমন্ত্রিত বাউল শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় ফিলিস্তিনে গণহত্যার উপরে নির্মিত নাটিকা ‘লড়াই’ এর আয়োজন করা হয়।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ