হোম » সারাদেশ » বগুড়ায় বালুবাহী ট্রাকসহ চালককে অপহরণ, উদ্ধার অভিযানে পুলিশের উপর হামলা, আহত দুই পুলিশ 

বগুড়ায় বালুবাহী ট্রাকসহ চালককে অপহরণ, উদ্ধার অভিযানে পুলিশের উপর হামলা, আহত দুই পুলিশ 

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় বালুবাহী ট্রাক সহ চালককে অপহরণের ঘটনা ঘটেছে। এসময় উদ্ধার অভিযানে পুলিশ তৎপরতা চালালে অপহরণকারী দুর্বৃত্তরা পুলিশের উপর হামলা চালায়। এসময়  নারুলি পুলিশ ফাঁড়ির এটিএসআই ফিরোজ ও কনস্টেবল মাহবুব গুরুতর আহত হয়।
গত মঙ্গলবার (৮ই এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে শহরের ধাওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নারুলি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজমুল হক বলেন, মঙ্গলবার বেলা  দুইটার দিকে সারিয়াকান্দি থেকে বালুভর্তি  একটি ট্রাক বগুড়ার দিকে আসছিল। পথিমধ্যে ফুলবাড়ী ফাড়ি এলাকায় দ্বিতীয় বাইপাস সড়কে  একদল দুর্বৃত্ত ট্রাকটি থামিয়ে চাকু ছোরার মুখে চালককে জিম্মি করে। এরপর চালককে দিয়েই দ্বিতীয় বাইপাস সড়কে  ট্রাকটি চালিয়ে নেওয়ার পর নারলিতে আনা হয়।
সেখান থেকে আবার ট্রাকটি ধাওয়াপাড়ায় একটি মাঠে নিয়ে এসে ট্রাক থেকে  বালু আনলোড করা হয়।  এরপর খালি ট্র্যাকটি ধাওয়াপাড়া মাঠের পাশে একটি ছ’ মিলের কাছে নিয়ে এসে চালককে নামিয়ে নিয়ে সুইট নামে এক ব্যক্তির বাড়িতে নিয়ে যাওয়া হয়।
পরে ওই বাড়িতে চালককে আটকে রেখে তার ট্রাকের মালিক এর কাছে তিন লাখ টাকা মুক্তিপণ চায় তারা। পরে ট্রাকের  মালিক বিষয়টি পুলিশকে জানালে রাত সাড়ে দশটার দিকে  নারুলি ফাঁড়ির কয়েকজন পুলিশ ওই চালককে উদ্ধারের জন্য ধাওয়াপাড়ায় মাঠের পাশে সুইটের বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশ চালকসহ ট্রাকটি উদ্ধার করে।
তবে সুইট পালিয়ে যায়। কিন্তু এ সময় পলাতক দুর্বৃত্তরা প্রাচীরের পাশ থেকে পুলিশের উপর ইট পাটকেল ছুড়ে হামলা করে। এতে ওই দুজন পুলিশ সদস্য গুরুতর আহত হন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করে দেয়।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মইনুদ্দিন জানান, হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!