
পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার একটি প্রত্যন্ত এলাকায় নির্মাণ করা হচ্ছে একটি দৃষ্টিনন্দন মসজিদ। এর আগে এই অঞ্চলে এমন কোনো আধুনিক মসজিদ ছিল না। মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হতে আরও ৩ থেকে ৪ মাস সময় লাগবে। মসজিদটি নির্মাণ হচ্ছে দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের রাজারহাট এলাকার পাশে, যেখানে হাকিমন নেছা বিদ্যা নিকেতন ও মোহাম্মদ আকালিয়া খাঁন উচ্চ বিদ্যালয়ও প্রতিষ্ঠিত।
২০১৬ সালে ৮০ শতক জমির উপর প্রতিষ্ঠিত দুটি বিদ্যালয় এবং এই মসজিদটি নির্মিত হচ্ছে স্থানীয় সমাজের মানুষের নামাজ আদায়ের সুবিধার্থে।
মসজিদটি নির্মাণ করছেন দেশের সুনামধন্য কিডনি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আব্দুল ওয়াহাব খান। ৫,০০০ স্কয়ার ফিট আয়তনের এই মসজিদে প্রায় ১,০০০ মুসুল্লি একযোগে জামাতে নামাজ আদায় করতে পারবে। মসজিদটির নির্মাণে ব্যবহৃত টাইলস ও অন্যান্য মালামাল সবই বিদেশী, যা মসজিদটির সৌন্দর্য এবং মানের দিক থেকে বিশেষ বৈশিষ্ট্য এনে দিয়েছে।
এলাকার মানুষের সেবায় তিনি ইতোমধ্যে দুটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন, এবং মসজিদ নির্মাণের মাধ্যমে তিনি সমাজের ধর্মীয় চাহিদা পূরণের পাশাপাশি আরও উন্নত পরিষেবা প্রদান করতে চাচ্ছেন। মসজিদে মহিলাদের জন্য আলাদা অযুখানা ও নামাজের ব্যবস্থা থাকবে, এবং নামাজ পড়ানোর জন্য ইমাম ও মুয়াজ্জিন নিয়োগের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মসজিদের সামনে পাকা জায়গায় জানাজা নামাজের জন্য ব্যবস্থা করা হবে এবং মৃত ব্যক্তির গোসলের জন্যও ব্যবস্থা থাকবে।
এছাড়াও, মসজিদটির পাশে ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য একটি মাদরাসা প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে। প্রতিবছর ঈদের নামাজের জন্যও মসজিদে ব্যবস্থাপনা করা হবে। মসজিদটির পাশাপাশি এলাকার গরীব অসহায়দের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে একটি স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের উদ্যোগও নিয়েছেন তিনি। ডা. ওয়াহাব খান বলেন, “আমার কাছে সামান্য কিছু টাকা ছিল, সেই টাকায় আমি এই মসজিদটি নির্মাণ করছি, যাতে এখানে প্রায় ১,০০০ মুসুল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। এ ছাড়া, এলাকার শিক্ষা এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নেও আমি কাজ করে যাচ্ছি। আশা করি, মসজিদটি সমাজে শান্তি এবং ঐক্যের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হবে।” এলাকার এই উদ্যোগটি শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং একটি সামাজিক ও মানবিক দৃষ্টিভঙ্গির ফলস্বরূপ পরিগণিত হবে বলে আশা করছেন স্থানীয়রা।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা