
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক এমপি এবং সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে গ্রেপ্তারের পর আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রবিবার সন্ধ্যায় তাকে এনায়েতপুর আমলী আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
সিরাজগঞ্জ পুলিশ সুপার ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ৪ আগষ্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা ও ১৫ পুলিশ সদস্য হত্যার ঘটনা ঘটে।
সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে ওই ঘটনায় দায়ের হওয়া মামলার সন্দেহভাজন আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে রবিবার দুপুরে সেনাবাহিনীর একটি টিম বেলকুচির কামারপাড়ার নিজ বাড়ি থেকে আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেন। এরপর সিরাজগঞ্জ সরকারী কলেজে অবস্থিত সেনা ক্যাম্পে রেখে বিভিন্ন অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে এনায়েতপুর থানায় হামলা ও ১৫ পুলিশ সদস্য হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পুলিশের পক্ষ থেকে দায়ের করা ওই মামলায় আওয়ামী লীগের ৪ নেতার নাম উল্লেখ এবং ৬ হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাস সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। গত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিলেও নৌকার প্রার্থী আব্দুল মোমিন মন্ডলের কাছে হেরে যান তিনি। সরকার পরিবর্তের পর থেকে নিজ বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে কোন মামলাও হয়নি।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল