
পঞ্চগড় জেলা প্রতিনিধি: স্বৈরাচারী সরকার পতন আন্দোলনের সময় পঞ্চগড়ের রিকশাচালক আল আমিন গুম হওয়া মামলার প্রধান আসামি, সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্ৰেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। আজ রোববার (১ ডিসেম্বর) সকালে পঞ্চগড় সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যজিস্ট্রেট ৪ এর আদালতে হাজির করা হয় তাকে।
মামলা সূত্রে জানা যায়, ৫ আগস্ট হাসিনা সরকার পতনের চূড়ান্ত আন্দোলন চলাকালীন সময়ে রিকশাচালক আল আমিন নিখোঁজ হন। এ ঘটনায় তার বাবা মো. মনু গত ১০ নভেম্বর পঞ্চগড় সদর থানায় সন্তান গুমের মামলাটি করেন। মামলায় তৎকালীন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা নুরুল ইসলাম সুজনসহ মোট ১৯ জনের নাম উল্লেখ সহ আরও ১৫০ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়।
মামলার অন্যান্য আসামিরা হলেন পঞ্চগড় ১ আসনে সাবেক সংসদ সদস্য নঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা, আরেক সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, জেলা সাবেক ছাত্রলীগ সভাপতি আবু হাসনাত নোমান, সাবেক সাধারণ সম্পাদক সাদমান সাদিক প্লাবন পাটোয়ারী সহ তৎকালীন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী।
সকাল ১০টায় বিচারক আশরাফুজ্জামানের আদালতে তাকে হাজির করা হয়। এবং মামলার প্রধান আসামি হিসেবে তাকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে আদালতে উপস্থাপন করা হয়। আদালতে আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আদম সূফি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একজন সম্মুখ যোদ্ধাকে গুম করে হত্যা করা হয়েছে। সারাদেশে অশান্তি সৃষ্টি করেছিল তারা, সেই মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। বর্তমানে দেশের শান্তি-শৃঙ্খলা ফিরে এসেছে আপনারা তা দেখতে পাচ্ছেন। এই মামলায় আসামির বিরুদ্ধে অল্প সময়ের মধ্যে রিমান্ডের আবেদন করা হবে।
অপরদিকে, আসামি পক্ষের আইনজীবী মির্জা সারোয়ার সাংবাদিকদের বলেন, রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে এই মামলা করা হয়েছে। এর কোনো সত্যতা নেই। হয়রানিমূলক এ মামলা আইনিভাবে মোকাবিলা করা হবে।
মামলা নম্বর ১২ জিআর ৪২১/২০২৪, ঘটনাটি ৫ আগস্ট ২০২৪ দুপুর ১টা ৪৫ মিনিটে ঘটেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার