
কক্সবাজার প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারের আদিবাসী সম্প্রদায়ের ৫৬ নাগরিক অনুপ্রবেশ করেছেন। এরা কক্সবাজারের উখিয়ার কুতুপালংস্থ হিন্দু রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় আশ্রয় নিয়েছেন । সোমবার (১৮ নভেম্বর) কক্সবাজারের উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার সকালে মিয়ানমারের এই ৫৬ নাগরিক অনুপ্রবেশ করেছেন। এর মধ্যে বেশিরভাগই চাকমা, তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের মানুষ। বিষয়টি উধ্বর্তন মহলকে অবহিত করা হয়েছে। এব্যাপারে সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে পরে জানানো হবে। পালিয়ে অনুপ্রবেশ করা ব্যক্তিরা বলেছেন মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের কারণে বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে সেখানে। প্রাণ বাঁচাতে এপারে পালিয়ে এসেছে তারা। তারা সেখানে কৃষি এবং জুম চাষ করে জীবনধারণ করতেন।
উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসেন জানিয়েছেন, পালিয়ে আসা মিয়ানমার নাগরিকদের বিজিবি’র পাশাপাশি পুলিশও নিরাপত্তা দিচ্ছে। উপজেলা প্রশাসন ও বিজিবি এদের ব্যাপারে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নিয়েছেন।বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী জানিয়েছেন, অনুপ্রবেশের তথ্য পাওয়া গেছে। এব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান