হোম » সারাদেশ » স্ত্রী হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদন্ড

স্ত্রী হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদন্ড

জামালপুরের ইসলামপুরে স্ত্রী তিথি বেগমকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী আহসান হাবিবকে মৃত্যু দন্ডের আদেশ দিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এই রায় দেন। রাষ্ট্র পক্ষের আইনজীবী শাহ মো: এনায়েত হোসেন জানান, ২০২২ সালের ১২ এপ্রিল রাতে ইসলামপুর উপজেলার রাজনগর গ্রামের আজাহার আলীর ছেলে আহসান হাবীব তার স্ত্রী তিথি বেগমকে যৌতুকের দাবীতে মারধর করে ও এক পর্যায়ে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধে হত্যা করে।

এই ঘটনার পরের দিন তিথির মামা আব্বাস আলী ফরাজী ইসলামপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও ৯ জন স্বাক্ষীর স্বাক্ষের ভিত্তিতে সন্দেহাতীতভাবে হত্যাকান্ডের বিষয়টি প্রমাণিত হওয়ায় বিচার প্রক্রিয়া শেষে আসামী আহসান হাবীবের উপস্থিতিতে আজ রায় প্রদান করা হয়। রায়ে আসামীকে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন বিচারক। মামলায় আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মুতাকাব্বির রুবেল।

-রবিউল হাসান লায়ন-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!